Monday, March 29, 2021

শেখ হাসিনা বয়সজনিত কারনে অসুস্থতায় মৃত্যুবরণ করলে বাংলাদেশির ভবিষ্যৎ কী হবে ? তখন কি সাময়িক বাহিনী বাংলাদেশ শাসন করবে নাকি সরাসরি ভারতের নিয়ন্ত্রনে চলে যাবে দেশটি?

যদিও আমি একজন ভারতীয় , কিন্তু এই প্রশ্নটিতে ভারতের উল্লেখ থাকায় উত্তর দেওয়ার তাগিদ সম্বরণ করতে পারলাম না ।আসলে ভারত আপনাদের কোনদিন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না । অপ্রিয় হলেও সত্যি কথা এই যে , আপনাদের বেশিরভাগ শাসকই জনগনের দ্বারা নির্বাচিত নন , নিজেদের আধিপত্য কায়েম রাখার জন্য তাঁরা যখনি মুশকিলে পড়েছেন তখনি ভারতীয় আগ্রাসনের জুজু দেখিয়েছেন , মনে রাখবেন ৩০০০ ভারতীয় সৈন্য মৃত্যু বরণ করেছেন আপনাদের স্বাধীনতার জন্য । এবং ভুটানকে বাদ দিলে ভারত ই আপনাদের প্রথম স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল , বাংলাদেশ দখল করার ইচ্ছা থাকলে কি এই স্বীকৃতি দেওয়া হত ?

আর সবসময় কেন আপনাদের মনে হয় যে আপনাদের দেশে কোন যোগ্য নেতা নেই ? যে দেশে মহম্মদ ইউনুসের মত নোবেলজয়ী অর্থনীতিবিদ আছেন , যে দেশে আব্দুল্লাহ আবু সায়ীদের মত শিক্ষক আছেন, যে দেশের সেনানীরা প্রবল পরাক্রান্ত শত্রুর সঙ্গে লড়াই করে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন , যে দেশের লাখ লাখ মানুষ সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থেকে সমানে দেশের অর্থনীতিকে কোটি কোটি ডলার যুগিয়ে চলেছেন তাঁদের কিনা এত হীনমন্যতা ?

আপনারা কেন সবসময় ভুলে যান যান যে গ্রেট ব্রিটেন , জাপানের মত আপনারাও একটি একভাষী , এক সংস্কৃতি সমৃদ্ধ একটি নেশন স্টেট ? পরমাণু বিধ্বস্ত জাপান শুধুমাত্র দেশপ্রেমের জোরে ঘুরে দাঁড়াতে পারে আর বাংলাদেশ পারে না ?

জাপানের চেয়ে আপনারা কম কিসে ?যে দেশের প্রকৃতি ভীষণভাবে কৃষি ও শিল্পের অনুকুল, যে দেশের সব মানুষ এক ভাষায় কথা বলে , কমবেশি একই আদর্শে বিশ্বাস করে ,সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করে , আকাশ -বাতাস কাঁপিয়ে আন্দোলন করে ,নিজেদের প্রয়োজনীয় ফসল নিজেরাই ফলাতে পারে ,তারা কেন ভাবে যে প্রয়োজনে তারা একযোগে কাজ করে নিজেদের মধ্য থেকে যোগ্য নেতা তৈরী বেছে নিতে পারবে না ? এত দ্বিধা ?আত্মবিশ্বাসের এত অভাব ?

আপনারা পোলিও মুক্ত দেশ গড়েন নি ? আপনারা দেশের অভাবনীয় বিদ্যুতের অভাব কাটিয়ে ওঠেন নি ? আজ পোশাক ব্যবসায়ে আপনারা চীন -আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা রাখেন । আপনাদের দেশের মানুষ দিনে একমুঠো ভাত পেলে দুনিয়া উল্টে দিতে পারে , শুধুমাত্র তীব্র আন্দোলন করে জাতির পিতার অতি ক্ষমতাশীল হত্যাকারীদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে পারে , শাহবাগ কে তাহরির স্কয়ার বানিয়ে দিতে পারে , আর একযোগে দেশের উন্নতির জন্য কাজ করতে পারে না ?

আমার তো মনে হয় যে অদূর ভবিষ্যতে আপনাদের দেশের ছাত্র-যুবকদের হাত ধরেই নতুন নেতৃত্ব উঠে আসবে , হঠাত কোনদিন দেখবেন দুর্নীতি আর পারিবারিক শাসনতন্ত্রের ওপর বীতশ্রদ্ধ হয়েই বাংলাদেশের ছাত্র-যুবারা শাহবাগের ধাঁচে নতুন এক আন্দোলন গঠন করবে । তবে এবারে তারা শুধু আন্দোলন করেই ক্ষান্ত হবে না , ওই মঞ্চ থেকেই নতুন এক বিপ্লবী রাজনৈতিক দল গঠনের ডাক দেবে , এবং সারা দেশের আপামর জনসাধারন তাদের অকুন্ঠ সমর্থন জানাবে, আর ঠিক সেই মুহূর্ত থেকে বাংলাদেশে একটি দৃঢ়, স্বাবলম্বী এবং প্রকৃত জাতীয়তাবাদী নেতৃত্বের উদয় ঘটবে ।

আলোর দিকে এগিয়ে গেলে অন্ধকার আপনি ই পেছনে পড়ে থাকে । এই সহজ সত্য বাংলাদেশের মানুষ কবে বুঝবে ?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home